ইমতিয়াজ মাহমুদ ইমন, কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে কক্সবাজারের পেকুয়াকে পৌর শহর ঘোষণা করে গেজেট প্রকাশ করা হয়েছে।
বুধবার (৬ মে) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই ঐতিহাসিক তথ্য নিশ্চিত করা হয়।
নির্বাচন চলাকালে সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে পৌরসভা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ নিলো। উল্লেখ্য, ২০০২ সালে যোগাযোগ প্রতিমন্ত্রী থাকাকালে সালাহউদ্দিন আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় পেকুয়াকে উপজেলায় উন্নীত করা হয়েছিল। এবার তারই হাত ধরে এলাকাটি পৌরসভার মর্যাদা পেল। উপজেলা প্রশাসনের পাঠানো সীমানা নির্ধারণের খসড়া প্রস্তাবের ভিত্তিতেই এই গেজেট প্রকাশ করা হয়েছে।
পেকুয়াকে পৌরসভা ঘোষণার খবরে স্থানীয় বাসিন্দাদের মাঝে ঈদের আনন্দ বইছে। স্থানীয় ব্যবসায়ী আবদুল কাদের ও কবির আহমেদ জানান, সালাহউদ্দিন আহমদ যা বলেন তা বাস্তবে রূপ দেন—এটাই তার সবচেয়ে বড় প্রমাণ। পেকুয়াবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হওয়ায় সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে এবং মন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে।
এ.আই.এল/সকালবেলা