অন্তর্বর্তী সরকারের আমলে দায়ের করা হাজার হাজার মামলা পর্যালোচনার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। আগামী এক মাসের মধ্যে এসব মামলা যাচাই-বাছাই করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বুধবার (৬ মে ২০২৬) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শেষে সাংবাদিকদের এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "অন্তর্বর্তী সরকারের সময় অসংখ্য মামলা দায়ের করা হয়েছে। আমরা নির্দেশ দিয়েছি যে, এক মাসের মধ্যে এই হাজার হাজার মামলা যাচাই-বাছাই করে বিস্তারিত তথ্য দিতে হবে। এর মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব হত্যা মামলা দায়ের করা হয়েছিল, সেগুলোকেও বিশেষ গুরুত্ব দিয়ে পুনরায় খতিয়ে দেখা হবে।"
আগের আওয়ামী লীগ সরকারের আমলে দায়ের করা 'গায়েবি মামলা' প্রসঙ্গেও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, রাজনৈতিক উদ্দেশ্যে করা সেসব ভুয়া বা গায়েবি মামলা প্রত্যাহারের বিষয়ে জেলা প্রশাসকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রকৃত অপরাধীদের শাস্তি নিশ্চিত করে নির্দোষ ব্যক্তিদের এসব মামলার হয়রানি থেকে মুক্তি দেওয়াই সরকারের লক্ষ্য।
ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী স্পষ্ট করেন যে, আইনের শাসন প্রতিষ্ঠায় কোনো ধরনের বৈষম্য বা অযথা হয়রানি সহ্য করা হবে না।
জান্নাত/সকালবেলা