ওয়াফিক শিপলু: বগুড়ার নন্দীগ্রামে নিখোঁজের সাতদিন পেরিয়ে গেলেও চা বিক্রেতা গোপাল সরকারের (৪০) সন্ধান পায়নি তাঁর পরিবার। গোপাল সরকার পৌর এলাকার বৈলগ্রাম মহল্লার মৃত মধু চন্দ্রের ছেলে। অনেক খোঁজাখুঁজি করেও হদিস না পাওয়ায় গভীর উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে আছেন তাঁর স্বজনরা।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার (২৮ এপ্রিল) নন্দীগ্রাম যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন গোপাল সরকার। তিনি ওমরপুর হাটে চা বিক্রির পাশাপাশি কৃষি কাজ করতেন। নিখোঁজের সময় তাঁর পরণে ছিল সাদা লুঙ্গি ও সাদা শার্ট; তাঁর উচ্চতা ৫ ফুট এবং গায়ের রং ফর্সা। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় গত রোববার তাঁর ছেলে গৌরাঙ্গ সরকার নন্দীগ্রাম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
নিখোঁজ গোপাল সরকারের স্ত্রী আদরী রানী জানান, তাঁর স্বামী অত্যন্ত সহজ-সরল মানুষ এবং তাঁর কোনো শত্রু নেই। কেউ তাঁকে অপহরণ করেছে কি না বা তিনি কী অবস্থায় আছেন, তা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, "জিডি পাওয়ার পর থেকে নিখোঁজ ব্যক্তির সন্ধানে পুলিশ সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে"। সন্ধানপ্রার্থী পরিবার বা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
এ.আই.এল/সকালবেলা