নিজস্ব প্রতিবেদক: চলতি ভিভিআইপি প্রটোকল ও প্রচলিত রীতি ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাস্তা আটকে নিজের গাড়িবহর নিয়ে যাওয়ার চিরাচরিত নিয়ম অগ্রাহ্য করে একটি রোগীবাহী অ্যাম্বুলেন্সকে আগে পার হওয়ার জায়গা করে দিয়েছেন তিনি।
বুধবার (৬ মে ২০২৬) সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কারওয়ান বাজার প্রান্তের এফডিসি মোড় এলাকায় এই ঘটনা ঘটে। প্রধানমন্ত্রী তখন বনানী থেকে এক্সপ্রেসওয়ে হয়ে বাংলাদেশ সচিবালয়ে তাঁর নিজ কার্যালয়ে যাচ্ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার কিছু সময় আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়িবহর যখন কারওয়ান বাজার এফডিসি মোড়ের দিকে এগোচ্ছিল, তখন আকস্মিক প্রধানমন্ত্রীর দৃষ্টিতে পড়ে যে বহরের পেছনে একটি অ্যাম্বুলেন্স সাইরেন বাজাতে বাজাতে জরুরি ভিত্তিতে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী তাৎক্ষণিক পরিস্থিতি অনুধাবন করেন এবং অতি জরুরি সেবার ওই গাড়িটিকে আগে যাওয়ার সাইড দিতে তাঁর বহরে থাকা নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশ পেয়ে নিরাপত্তা কর্মীরাও দ্রুত তৎপর হয়ে অ্যাম্বুলেন্সটিকে নিরাপদে পথ করে দেন।
বাংলাদেশে দীর্ঘ সময় ধরে ভিভিআইপি ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বহরের কারণে সড়কে সাধারণ মানুষ ও অন্য যানবাহনকে দীর্ঘক্ষণ আটকে অপেক্ষা করতে দেখে আসাই ছিল স্বাভাবিক চিত্র। কিন্তু প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর থেকেই তারেক রহমান সেই কঠোর প্রটোকল ও রীতির বাইরে এসে সাধারণ মানুষের ভোগান্তি কমানোর ওপর জোর দিয়ে আসছেন। আজ সরাসরি সড়কে তার প্রমাণ মিলল।
ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীরা গণমাধ্যমকে জানান, পুরো বিষয়টি ছিল অত্যন্ত স্বতঃস্ফূর্ত এবং মানবিক। সাধারণত দেশের মানুষ এই ধরনের চিত্র দেখতে অভ্যস্ত নয়। প্রধানমন্ত্রীর এমন তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাধারণ মানুষের প্রতি রাষ্ট্রের একজন প্রধানের দায়িত্ববোধ, সহমর্মিতা ও ভিভিআইপি সংস্কৃতি ভাঙার একটি শক্তিশালী বার্তা হিসেবে দেখছেন সবাই।