পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর মোদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

রাকিবুল হাসান
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ণ
পশ্চিমবঙ্গের নির্বাচনে জয়ের পর মোদিকে ডোনাল্ড ট্রাম্পের অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গসহ ভারতের দুই রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বাধীন এনডিএ জোটের বিপুল জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মোবাইল ফোনে অভিনন্দন জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (৫ মে ২০২৬) হোয়াইট হাউসের মুখপাত্র কুশ দেশাই ভারতের সংবাদসংস্থা পিটিআইকে এই তথ্য নিশ্চিত করেছেন।

কুশ দেশাই ট্রাম্পের মোবাইল ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে বলেন, “প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই ঐতিহাসিক নির্বাচনী বিজয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।”

দেশাই পিটিআইকে আরও জানান, বিগত দিনগুলোতেও এই দুই নেতার মধ্যে চমৎকার সম্পর্ক বজায় রয়েছে। গত মাসেও তাদের মধ্যে এক ফোনালাপ হয়েছিল, যেখানে প্রেসিডেন্ট ট্রাম্প প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে বলেছিলেন যে ‘ভারত কতটা ভাগ্যবান যে নরেন্দ্র মোদির মতো একজন নেতাকে পেয়েছে’।

উল্লেখ্য, গত সোমবার (৪ মে ২০২৬) ঘোষিত ফলাফলে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দুই-তৃতীয়াংশেরও বেশি আসনে জয়ী হয়ে প্রথমবার ক্ষমতা দখল করতে চলেছে বিজেপি। এর মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টানা ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়েছে পদ্ম-শিবির।

অন্যদিকে, কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরিতে সহযোগী দল এনআর কংগ্রেসের ‘জুনিয়র পার্টনার’ হিসেবে দ্বিতীয়বারের মতো ক্ষমতা নিশ্চিত করেছে বিজেপি। এই বিপুল রাজনৈতিক সাফল্যের পরই বিশ্বনেতাদের কাছ থেকে অভিনন্দন বার্তা পাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।

মন্তব্য করুন