ধর্ম ডেস্ক: ২০২৬ সালের পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরুর আগে হজযাত্রীদের স্বাস্থ্য সুরক্ষায় নতুন নির্দেশনা জারি করেছে সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়। নতুন নিয়ম অনুযায়ী, হজে যাওয়ার অন্তত ১০ দিন আগেই প্রয়োজনীয় সব টিকা নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে। মঙ্গলবার (৫ মে ২০২৬) সৌদি আরবের সরকারি সংবাদ সংস্থা এসপিএ এই তথ্য নিশ্চিত করেছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, বিপুল জনসমাগমের মধ্যে সংক্রামক ব্যাধি ছড়িয়ে পড়া রোধ এবং হজযাত্রীদের ব্যক্তিগত স্বাস্থ্যঝুঁকি কমাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, টিকা নেওয়ার পর শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হতে নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, তাই শেষ মুহূর্তের জন্য অপেক্ষা না করে দ্রুত টিকা গ্রহণ করা জরুরি।
এবারের হজে হজযাত্রীদের জন্য প্রধানত তিনটি টিকা নেওয়া জরুরি করা হয়েছে:
মেনিনজাইটিস
কোভিড-১৯
সিজনাল ইনফ্লুয়েঞ্জা
হজযাত্রীরা তাদের সুবিধামতো সৌদি আরবের ‘সেহাতি’ (Sehaty) অ্যাপের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট বুক করে এসব টিকা নিতে পারবেন। প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত বিশেষ ইমিউনাইজেশন ক্লিনিকগুলো থেকে এই সেবা পাওয়া যাবে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই টিকাগুলো সম্পূর্ণ নিরাপদ এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এগুলো একসঙ্গে বা আলাদাভাবে নেওয়া সম্ভব। এমনকি গর্ভবতী নারীদের জন্যও অনুমোদিত মানদণ্ড অনুযায়ী এই টিকাগুলো তৈরি করা হয়েছে।
প্রতি বছর হজের সময় বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ মক্কায় সমবেত হন। এই বিশাল জনসমাগমে হজযাত্রীরা যেন সুস্থভাবে তাদের ধর্মীয় আচার পালন করতে পারেন, সেটি নিশ্চিত করতেই সৌদি সরকার এই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করেছে।
জান্নাত/সকালবেলা