মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ণ
মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকট ও অব্যবস্থাপনার কারণে চিকিৎসা সেবা ভেঙে পড়ার উপক্রম হয়েছে। ৫০ শয্যার এই হাসপাতালে ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা হিমশিম খাচ্ছেন।

রবিবার (৩ মে) হাসপাতাল সূত্রে জানা যায়, ৫০টি শয্যার বিপরীতে মোট ১১৭ জন রোগী ভর্তি ছিল। পুরুষ ওয়ার্ডে ১৯ শয্যার বিপরীতে ৩১ জন এবং মহিলা ও শিশু ওয়ার্ডে ৩১ শয্যার বিপরীতে ৮৬ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। পর্যাপ্ত শয্যা না থাকায় রোগীদের হাসপাতালের ফ্লোর, বারান্দা ও চলাচলের পথে থেকে চিকিৎসা নিতে দেখা গেছে।

প্রায় ৫ লাখ মানুষের এই জনপদে চিকিৎসা নিশ্চিত করতে গিয়ে জনবল ও অবকাঠামোগত সংকটে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অপরিচ্ছন্ন পরিবেশ, নার্স ও চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি এবং সেবায় বৈষম্যের অভিযোগ তুলেছেন রোগী ও তাঁদের স্বজনরা। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. ফায়েজ আহমেদ ফয়সাল শয্যা সংকটের বিষয়টি স্বীকার করে জানান, অতিরিক্ত রোগীর চাপ সামাল দেওয়া কঠিন হয়ে পড়ছে।

যশোরের সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা জানিয়েছেন, শয্যা সংখ্যা বৃদ্ধির বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, ভবিষ্যতে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা রয়েছে। স্থানীয়রা দ্রুত সেবার মান উন্নয়ন ও শয্যা বৃদ্ধির দাবি জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন