প্রভাবশালী চক্রের দাপটে উজাড় হচ্ছে বন

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
প্রভাবশালী চক্রের দাপটে উজাড় হচ্ছে বন

সায়মন সরওয়ার কায়েম, কক্সবাজার: পর্যটন নগরী কক্সবাজারের কলাতলী এলাকায় প্রভাবশালী চক্রের দাপটে প্রকাশ্যে পাহাড় কাটার ‘মহোৎসব’ চলছে। দিন দিন উধাও হয়ে যাচ্ছে সবুজ পাহাড়, যা একদিকে ভূমিধসের শঙ্কা বাড়াচ্ছে, অন্যদিকে হুমকির মুখে ফেলছে পরিবেশ ও জননিরাপত্তাকে। সরকারি সংস্থাগুলোর নীরব ভূমিকা নিয়ে জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অনুসন্ধানে জানা যায়, কলাতলীর বিকাশ বিল্ডিংয়ের পেছনে এবং আর এস টাওয়ার সংলগ্ন এলাকায় গত কয়েক সপ্তাহ ধরে প্রভাবশালী চক্রের অন্যতম হোতা আজিজের নেতৃত্বে দিনরাত পাহাড় কেটে মাটি ও জমি বিক্রি করা হচ্ছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে প্রায় দেড়শ ফুটের বেশি উচ্চতার একটি পাহাড়ের সিংহভাগ ইতোমধ্যে কেটে সাবাড় করা হয়েছে। কাটা মাটি ডাম্পারে করে শহরের বিভিন্ন স্থানে ভরাট কাজে ব্যবহার করা হলেও সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পাহাড় কাটা একটি গুরুতর ফৌজদারি অপরাধ হওয়া সত্ত্বেও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কোনো এনফোর্সমেন্ট অভিযান বা মামলার তৎপরতা দেখা যাচ্ছে না। একইভাবে বনভূমির সুরক্ষার দায়িত্বে থাকা বন বিভাগের কর্মকর্তাদেরও কোনো জোরালো ভূমিকা নেই। স্থানীয়দের অভিযোগ, পাহাড় কাটার বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে জানানো হলেও তারা দায়সারা আচরণ করছে।

দিন-রাত মেশিন চালিয়ে পাহাড় কাটার ফলে এলাকায় তীব্র শব্দদূষণ হচ্ছে এবং কম্পনের ফলে আশপাশের ভবনগুলো ঝুঁকির মুখে পড়ছে। সামনে বর্ষা মৌসুম হওয়ায় যেকোনো সময় বড় ধরনের ভূমিধসের আশঙ্কা করছেন স্থানীয়রা। অভিযুক্ত আজিজের সাথে যোগাযোগ করা হলে তিনি এড়িয়ে যান। অন্যদিকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক জমির উদ্দিন তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এবং বন বিভাগ জেলা প্রশাসকের সাথে কথা বলে ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন