‘সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই’

আমিরুল ইসলাম
প্রকাশ: মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:১৯ অপরাহ্ণ
‘সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই’

তাজুল ইসলাম, দিনাজপুর প্রতিনিধি: উন্নত ও আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে টেকসই যোগাযোগ ব্যবস্থার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। 

মঙ্গলবার (৫ মে) সকালে বিরল উপজেলার বিভিন্ন ইউনিয়নে ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।

সাংসদ পিনাক বলেন, বর্তমান সরকার গ্রামীণ অবকাঠামো ও রাস্তাঘাটের মানোন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে এবং অচিরেই দেশের প্রতিটি কাঁচা রাস্তা পাকা করা হবে। তিনি আরও উল্লেখ করেন যে, সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের উদ্যোগ বাংলাদেশের কৃষিভিত্তিক অর্থনীতিকে আমূল পরিবর্তন করে দেবে। বিরল উপজেলার মঙ্গলপুর, আজিমপুর, শহরগ্রাম, ভান্ডারা ও রাণীপুকুরসহ বিভিন্ন ইউনিয়নে মোট ১৪ কোটি ৬০ লক্ষ ৭৬ হাজার টাকা চুক্তিমূল্যে এই ১০টি সড়ক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা জিমরান মোহাম্মদ সায়েক, উপজেলা প্রকৌশলী আনোয়ার হোসেন, বিরল উপজেলা বিএনপির সভাপতি বাবুল হোসেন এবং সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই প্রকল্পগুলো বাস্তবায়িত হলে অঞ্চলের যাতায়াত, শিক্ষা ও পণ্য পরিবহনে অভূতপূর্ব উন্নতি হবে।

সড়ক উন্নয়নের উদ্বোধন শেষে সাংসদ পিনাক বিরল উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে 'পার্টনার' প্রোগ্রামের আওতায় আয়োজিত 'পার্টনার কংগ্রেস-২০২৬'-এ প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। অনুষ্ঠানটিতে আধুনিক ও পুষ্টিসম্মত কৃষি ব্যবস্থার প্রসারে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন