আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মো. বায়েজিদ (১০) নামের এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৪ মে) সকালে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের হাট সারটিয়া প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহত বায়েজিদ সারটিয়া কলেজপাড়ার নজরুল ইসলামের ছেলে এবং ওই বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, বায়েজিদ বিদ্যালয়ের তিনতলা ভবনের ছাদে উঠে গাছে পানি দিচ্ছিল। এ সময় অসাবধানতাবশত সে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়।
আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং শিক্ষার্থীর লাশ উদ্ধার সংক্রান্ত পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। এই ঘটনায় এলাকায় ও বিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ.আই.এল/সকালবেলা