নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মিরপুর থানায় দায়ের করা বিপ্লব শেখ হত্যা মামলায় সাবেক আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (৪ মে ২০২৬) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ পিয়াস এই আদেশ দেন।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। তদন্ত কর্মকর্তা জানান, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এই আসামির নির্দেশেই আন্দোলন দমনের উদ্দেশ্যে গুলিবর্ষণ করা হয়েছিল, যাতে বিপ্লব শেখ প্রাণ হারান। ঘটনার নেপথ্যে থাকা অর্থ ও অস্ত্র জোগানদাতাদের শনাক্ত করতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন।
রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর হারুন অর রশিদ রিমান্ডের পক্ষে যুক্তি দিয়ে বলেন, “মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর অন্যতম কুশীলব ছিলেন। শেখ হাসিনার সরকারকে টিকিয়ে রাখতে তিনি সব ধরনের সহযোগিতা করেছেন।” অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী উম্মে হাবিবা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। আদালত উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মিরপুর-১০ এলাকায় গুলিবর্ষণে বিপ্লব শেখ গুরুতর আহত হন। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় ২০২৫ সালের ১ জুলাই নিহতের বাবা পারভেজ শেখ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
গত ২৩ মার্চ দিবাগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। এর আগে পল্টন মডেল থানার একটি মামলায় তাকে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরবর্তীতে আরও একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
উল্লেখ্য, লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এক-এগারোর সময়কার অত্যন্ত প্রভাবশালী সামরিক কর্মকর্তা ছিলেন এবং পরবর্তীতে জাতীয় পার্টির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।