অনলাইন ডেস্ক: ঢাকা শহরকে বাসযোগ্য ও পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান। আজ সোমবার (৪ মে ২০২৬) সকালে নগর ভবনের অডিটোরিয়ামে পরিচ্ছন্নতাকর্মীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণকালে তিনি এ কথা বলেন।
আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে ডিএনসিসি’র আড়াই হাজার পরিচ্ছন্নতাকর্মীর মাঝে রেইনকোটসহ বিভিন্ন ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (PPE) বিতরণ করা হয়েছে। প্রশাসক জানান, প্রতিকূল আবহাওয়ার মধ্যেও যেন কর্মীরা সুস্থ থেকে নির্বিঘ্নে দায়িত্ব পালন করতে পারেন, সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম খান কর্মীদের কাজের প্রশংসা করে বলেন, “যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সবচেয়ে বেশি পরিশ্রম করছেন, তাদের প্রতি আমাদের বিশেষ নজর রয়েছে। ভবিষ্যতে ভালো কাজের জন্য তাদের আরও সম্মাননা ও স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা রয়েছে।”
তিনি আরও আশ্বাস দেন যে, সিটি করপোরেশন সবসময় পরিচ্ছন্নতাকর্মীদের পাশে থাকবে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে কাজ করে যাবে।
জান্নাত/সকালবেলা