ডোমারে প্রশাসনের অভিযানে মাটি অপসারণ

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ণ
ডোমারে প্রশাসনের অভিযানে মাটি অপসারণ

মোঃ মকবুলার রহমান, ডোমার (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর ডোমার উপজেলায় ফসলি জমি ভরাট করে পানি চলাচলের স্বাভাবিক পথ বন্ধ করে দেওয়ার ঘটনায় প্রশাসনের হস্তক্ষেপে ভরাটকৃত মাটি অপসারণ শুরু হয়েছে। এতে জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাঘডোকরা এলাকায় বুলু ইসলাম নামে এক ব্যক্তি ডোমার-চিলাহাটি সড়কের পাশে কৃষিজমি ভরাট করে স্থাপনা নির্মাণের উদ্যোগ নেন। এতে পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে আশপাশের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় এবং ফসল উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দেয়। অভিযোগ রয়েছে, এলাকাবাসী এর প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি তাঁদের ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক আঘাতের হুমকি দেন।

স্থানীয়দের অভিযোগ ও সংবাদমাধ্যমে খবর প্রকাশের পর উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পায়। পরিস্থিতি বিবেচনায় প্রশাসন তাৎক্ষণিকভাবে মাটি অপসারণের নির্দেশ দেয় এবং বর্তমানে প্রশাসনের তত্ত্বাবধানে পানি চলাচলের পথ স্বাভাবিক করার কাজ চলছে।

ক্ষতিগ্রস্ত কৃষকরা প্রশাসনের দ্রুত পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কৃষিজমি ভরাট করে পরিবেশ ও কৃষির ক্ষতি করা কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং এ ধরনের কার্যক্রমে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন