ভোটে পিছিয়ে, তবু জয়ে আশাবাদী সায়ন্তিকা

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:১৫ অপরাহ্ণ
ভোটে পিছিয়ে, তবু জয়ে আশাবাদী সায়ন্তিকা

বিনোদন ডেস্ক: পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘিরে টানটান উত্তেজনা বিরাজ করছে। সোমবার (৪ মে ২০২৬) সকাল থেকে শুরু হওয়া ভোট গণনার প্রাথমিক ট্রেন্ডে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তবে উত্তর ২৪ পরগনার বরাহনগর কেন্দ্রে কিছুটা ব্যাকফুটে রয়েছেন তৃণমূল প্রার্থী ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়।

প্রাথমিক গণনায় দেখা যাচ্ছে, সায়ন্তিকা তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী সজল ঘোষের চেয়ে ৩৮৬৮ ভোটে পিছিয়ে রয়েছেন। ২০২৪ সালের উপনির্বাচনে এই একই কেন্দ্র থেকে জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন তিনি। এবারও দল তাঁর ওপর আস্থা রাখলেও প্রাথমিক ফলে পিছিয়ে থাকায় শুরু হয়েছে নানা সমীকরণ।

পিছিয়ে থাকলেও জয়ের ব্যাপারে এখনও পুরোপুরি আশাবাদী সায়ন্তিকা। সাংবাদিকদের তিনি বলেন, “সব ভালো হবে। ভালোর সঙ্গে সব সময় ভালোই হয়। এখনও অনেক সময় বাকি, কয়েক ঘণ্টা পর সব পরিষ্কার হবে।”

গণনা কেন্দ্রের নিরাপত্তা ও কেন্দ্রীয় বাহিনীর ব্যাপক উপস্থিতি নিয়ে কিছুটা উষ্মা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি মন্তব্য করেন, “মনে হচ্ছে যুদ্ধ করতে এসেছি। ভোট উৎসবের থেকেও যেন এটা যুদ্ধক্ষেত্র মনে হচ্ছে। এত সাজোয়া গাড়ি যদি কাশ্মীরে থাকত, তাহলে অনেক ঘটনা হয়তো এড়ানো যেত।” তবে বাহিনীর সদস্যরা তাঁদের দায়িত্ব পালন করছেন বলেও উল্লেখ করেন তিনি।

বরাহনগর কেন্দ্রের চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে। সায়ন্তিকা কি পারবেন এই ব্যবধান ঘুচিয়ে আবারও বিধানসভায় পৌঁছাতে, নাকি সজল ঘোষের জয় হবে—সেদিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন