ফায়ার সার্ভিসকে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান করার আহ্বান ডিজির

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ণ
ফায়ার সার্ভিসকে জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান করার আহ্বান ডিজির

নিজস্ব প্রতিবেদক: সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে একটি স্বচ্ছ, জবাবদিহিতামূলক এবং প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল। সোমবার (৪ মে ২০২৬) সকালে ফায়ার সার্ভিস সদর দপ্তরে ‘ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে’ পালন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।

অনুষ্ঠানের শুরুতে মহাপরিচালক বিশ্বজুড়ে কর্মরত সকল ফায়ার ফাইটারদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনকালে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজের বিবরণ তুলে ধরার পাশাপাশি ১ মে থেকে দেশব্যাপী চালু হওয়া ‘ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন।

আসন্ন নিয়োগ প্রক্রিয়া নিয়ে মহাপরিচালক বলেন, “বিগত নিয়োগগুলোর মতো আসন্ন নিয়োগও সম্পূর্ণ স্বচ্ছতার সাথে সম্পন্ন করা হবে।” এ সময় তিনি কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলে কঠোর হুঁশিয়ারি প্রদান করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পেশাগত দক্ষতা ও সাহসিকতার স্বীকৃতিস্বরূপ সারা দেশ থেকে বাছাইকৃত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীকে পেশাগত সম্মাননা প্রদান করা হয়। এছাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে যারা ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে, এমন ৭৩ জন শিক্ষার্থীকে শিক্ষা সম্মাননা (ক্রেস্ট ও নগদ অর্থ) প্রদান করা হয়।

ঢাকা বিভাগের মনোনীতদের হাতে মহাপরিচালক সরাসরি সম্মাননা তুলে দেন এবং বাকিদের নিজ নিজ বিভাগীয় উপপরিচালকদের মাধ্যমে সম্মাননা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়।

 সারা দেশে বিভিন্ন অগ্নিকাণ্ড ও দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া প্রদান এবং সফল উদ্ধার অভিযানের জন্য সকল পর্যায়ের সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান মহাপরিচালক। তিনি প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখতে এবং বর্তমান সরকারের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সকল স্তরের কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

অনুষ্ঠানে মহাপরিচালক অনলাইনে যুক্ত সারা দেশের সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাদের মতামত ধৈর্য সহকারে শোনেন।

মন্তব্য করুন