মোঃ হুমায়ুন কবীর, ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের মুক্তাগাছায় বালুবোঝাই ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।
সোমবার (৪ মে) দুপুরে উপজেলার মনতলা সমিতি ঘর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, জামালপুর থেকে আসা দ্রুতগতির অটোরিকশাটির সাথে বিপরীতমুখী একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় আরও পাঁচজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, নিহতদের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। স্থানীয়দের ধারণা, অটোরিকশাটির অতিরিক্ত গতির কারণে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে দুর্ঘটনাকবলিত এলাকায় উদ্ধার তৎপরতা শেষে যান চলাচল স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।
এ.আই.এল/সকালবেলা