বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

রাকিবুল হাসান
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৩:১৫ অপরাহ্ণ
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে অতি সম্প্রতি স্বাক্ষরিত ‘রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্ট’ এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। রিট আবেদনে এই চুক্তিটিকে ‘অযৌক্তিক’, ‘কাঠামোগতভাবে অসম’ এবং ‘বাংলাদেশের জাতীয় স্বার্থপরিপন্থি’ হিসেবে উল্লেখ করা হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মঈদুল ইসলাম পলক জনস্বার্থে এই রিট আবেদনটি দায়ের করেন। অ্যাডভোকেট সুবীর নন্দী দাস আদালতে আবেদনটি উপস্থাপন করেন।

রিটে পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবদের বিবাদী করা হয়েছে। রিট আবেদনে দাবি করা হয়েছে যে, এই চুক্তি স্বাক্ষরের ক্ষেত্রে সংবিধান নির্ধারিত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। এছাড়া এটি দেশের অর্থনৈতিক সার্বভৌমত্ব ও জনকল্যাণ সুরক্ষায় ব্যর্থ হয়েছে।

আবেদনকারী আইনজীবীর মতে, এই চুক্তিতে বাংলাদেশের ওপর এমন কিছু অসম শুল্ককাঠামো চাপিয়ে দেওয়া হয়েছে যা দেশীয় শিল্প ও কৃষি খাতের জন্য মারাত্মক হুমকি। এছাড়া রিটে আরও বলা হয়েছে: চুক্তির ফলে বাংলাদেশের নীতিনির্ধারণী স্বাধীনতা খর্ব হতে পারে, এবং  দেশীয় শিল্প ও পরিবেশের দীর্ঘমেয়াদি ক্ষতির সম্ভাবনা রয়েছে

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য সম্পর্ক জোরদারে এই রিসিপ্রোকাল ট্রেড অ্যাগ্রিমেন্টটি বড় ভূমিকা রাখবে বলে সরকার মনে করলেও, আইনি মহলের একটি অংশ এটি নিয়ে প্রশ্ন তুলছে। বিশেষ করে এলডিসি গ্র্যাজুয়েশনের পর বাংলাদেশের রপ্তানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় এমন চুক্তির প্রয়োজনীয়তা থাকলেও এর শর্তাবলি নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

আগামী কয়েক দিনের মধ্যে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে এই রিট আবেদনের ওপর শুনানি হতে পারে বলে আইনজীবীরা জানিয়েছেন।

মন্তব্য করুন