জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল এলাকায় স্বরসতি নদীর পাড়ের সরকারি গাছ বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। চরিয়া শিকার উত্তরপাড়া গ্রামের মুন্টু মাস্টার নামে এক ব্যক্তি নদীর পাড়সংলগ্ন সরকারি জায়গার ৭টি ইউক্যালিপটাস গাছ বিক্রি করেন বলে জানা গেছে।
রবিবার (৩ মে) সকালে একই গ্রামের আশরাফ আলী প্রায় ২০ হাজার টাকায় গাছগুলো কিনে কেটে ফেলেন। এলাকাবাসী বাধা দিলে তিনি গাছের ডালপালা ফেলে রেখে চলে যান। স্থানীয়রা দাবি করেন, এই জমিটি চরিয়াশিকার উত্তরপাড়া নদীরদ্বারে জামে মসজিদের নামে ওয়াকফ করা। মসজিদের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, আগে বাধা দেওয়া হলেও মুন্টু মাস্টার জোরপূর্বক খাস জায়গা থেকে গাছ কেটে নিয়ে গেছেন।
অভিযুক্ত মুন্টু মাস্টারকে তাঁর বাড়িতে গিয়ে পাওয়া যায়নি। তবে হাটিকুমরুল ইউনিয়নের ভারপ্রাপ্ত ভূমি সহকারী কর্মকর্তা সুফল চন্দ সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান যে, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ.আই.এল/সকালবেলা