কয়রা (খুলনা) প্রতিনিধি: সুন্দরবনের দস্যুতা দমনে ‘অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’ ও ‘অপারেশন রিস্টোর পিস ইন সুন্দরবন’ নামে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (৩ মে) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।
মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশনায় সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ড, নৌ-বাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই বিশেষ টহল পরিচালিত হয়। অভিযানের পাশাপাশি বনজীবী ও সুন্দরবনের ওপর নির্ভরশীল ব্যক্তিদের মধ্যে জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে নজরদারি বাড়ানো হয়েছে। কোস্ট গার্ডের এই তৎপরতার ফলে বর্তমানে সুন্দরবন এলাকায় দস্যুতা অনেকাংশে হ্রাস পেয়েছে।
গত এক বছরে কোস্ট গার্ডের অভিযানে করিম শরীফ, নানা ভাই, ছোট সুমনসহ বিভিন্ন দস্যু বাহিনীর ৪০ জন সক্রিয় সদস্য আটক হয়েছে। এ সময় ৪৩টি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধারসহ ডাকাতদের বেশ কিছু আস্তানা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া অপহৃত ৩৭ জন জেলে, ২ জন পর্যটক এবং ১ জন রিসোর্ট মালিককে উদ্ধার করা হয়েছে।
কোস্ট গার্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, সুন্দরবনকে সম্পূর্ণরূপে দস্যুমুক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের যৌথ ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এ.আই.এল/সকালবেলা