চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ণ
চাঁদাবাজির মামলায় ছাত্রদল নেতা গ্রেপ্তার

সিরাজগঞ্জে এক গৃহবধূর দায়ের করা চাঁদাবাজি মামলায় মো. সোহেল (৩৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রবিবার (৩ মে ২০২৬) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সোহেল সিরাজগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং দত্তবাড়ি মহল্লার হারুনর রশিদের ছেলে। গতকাল শনিবার (২ মে) রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে। এর আগে মোছা. নুপুর খাতুন নামে এক গৃহবধূ সিরাজগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদির স্বামী শাহজাহান আলীর ব্যবসায়িক অংশীদার নাজমুল ইসলাম গত ২৭ এপ্রিল তাঁদের বাড়িতে যান। সে সময় অভিযুক্তরা বাড়িতে ঢুকে তাঁদের নামে মিথ্যা অপবাদ ছড়ায় এবং নাজমুলকে জোর করে তুলে নিয়ে গিয়ে মারধর করে। পরে তাঁর কাছে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে না চাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এই মামলায় সিরাজগঞ্জ জেলা যুবলীগের এক নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মো. হোসেনকে প্রধান আসামি করা হয়েছে। ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে এই মামলায় আসামি করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, চাঁদাবাজির সুনির্দিষ্ট মামলায় এক ছাত্রদল নেতাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন