মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর নতুন আংশিক কমিটি পেল নোয়াখালী জেলা ছাত্রদল। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন এনবিএস রাসেল এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন জিয়াউর রহমান রাহান।
শনিবার (২ মে) মধ্যরাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির ৩৭ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেন।
ঘোষিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন রকি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে নাজিম উদ্দীন রনি এবং সাংগঠনিক সম্পাদক পদে আকবর হোসেন নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় নির্দেশনায় বলা হয়েছে, আগামী ৩০ কর্মদিবসের মধ্যে এই কমিটিকে পূর্ণাঙ্গ রূপ দিতে হবে।
নতুন কমিটি ঘোষণার পর তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। তাঁদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব জেলা ছাত্রদলের প্রতিটি ইউনিট পুনর্গঠন করে সংগঠনকে আরও শক্তিশালী করবে এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে পাশে দাঁড়াবে।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক জিয়াউর রহমান রাহান বলেন, আগামীতে প্রতিটি ইউনিটে ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হবে। সভাপতি এনবিএস রাসেল তাঁর ওপর আস্থা রাখায় কেন্দ্রীয় সংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও শিক্ষার্থীবান্ধব কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ.আই.এল/সকালবেলা