মুহুরী নদীর খনন কাজ শেষের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ণ
মুহুরী নদীর খনন কাজ শেষের দাবিতে সোনাগাজীতে মানববন্ধন

জহিরুল হক মিলন, ফেনী প্রতিনিধি: মুহুরী নদীর ভাঙন রোধে নদী খনন কার্যক্রম দ্রুত শেষ করার দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। 

রোববার (০৩ মে) উপজেলার পূর্ব সোনাপুর ও জামতলা সংলগ্ন নদী ভাঙন কবলিত এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হাজার হাজার একর ফসলি জমি, ঘর-বাড়ি ও মৎস্য খামার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। স্বৈরাচারী সরকারের পতনের পর পরিবেশ ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এলাকাটি পরিদর্শন করেন এবং নদী খননের জন্য ১ কোটি ১২ লাখ টাকা বরাদ্দ দেন।

আরএসটিএস নামের ঠিকাদারি প্রতিষ্ঠান খনন কাজ শুরু করলেও স্থানীয় ভূমিদস্যু চক্রের বাধায় তা বন্ধ হয়ে যায়। ফলে নদী ভাঙন অব্যাহত রয়েছে এবং হুমকির মুখে পড়েছে বিস্তীর্ণ জনপদ, শিক্ষা প্রতিষ্ঠান ও খামার।

মানববন্ধনে আমিরাবাদ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর উদ্দিন ও সাধারণ সম্পাদক নুরুজ্জামানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাজেদুর রহমান ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে জানান, এলাকাবাসীর দাবি অত্যন্ত যৌক্তিক এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন