মোঃ মুকিম উদ্দিন, জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিবগঞ্জ-বেগমপুর সড়কের সংস্কার কাজ ১৮ বছর ধরে ঝুলে থাকায় তিন ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগ পোহাচ্ছেন। চলতি বছরের শুরুতে কাজ শুরু হলেও বর্তমানে তা বন্ধ থাকায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর উপজেলা সদর থেকে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বেগমপুর পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কটি দীর্ঘ ১৮ বছর ধরে সংস্কারহীন। বিগত সরকারের আমলে একাধিকবার কাজ শুরু হলেও তা শেষ হয়নি। এই সড়কটি পাইলগাঁও, আশারকান্দি ও রানীগঞ্জ ইউনিয়নের কয়েক ডজন গ্রামের মানুষের উপজেলা সদরের সঙ্গে যোগাযোগের একমাত্র মাধ্যম।
শিবগঞ্জ বাজারের ব্যবসায়ীরা জানান, রাস্তার দুরাবস্থার কারণে ক্রেতা ও বিক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অন্যদিকে, কুবাজপুর শাহজালাল সুন্নীয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা জানান, রাস্তাটি বেহাল থাকায় চলতি এস এস সি ও দাখিল পরীক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছে। এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ও এলজিইডির অবহেলার কারণে কাজ শেষ হচ্ছে না।
উপজেলা এলজিইডি কার্যালয় জানিয়েছে, আগামী জুলাই মাসের মধ্যে সড়কের কাজ শেষ হবে। তবে এলাকাবাসী ও ব্যবসায়ীরা বর্তমান কাজের মান নিয়ে প্রশ্ন তুলেছেন। দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ সমাপ্ত করতে স্থানীয় সংসদ সদস্য কয়ছর এম আহমদের হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগীরা।
এ.আই.এল/সকালবেলা