দুর্গাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত: ঘাতক গ্রেপ্তার

আমিরুল ইসলাম
প্রকাশ: রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ণ
দুর্গাপুরে ছুরিকাঘাতে যুবক নিহত: ঘাতক গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশীর ছুরিকাঘাতে ওয়াহিদুল ইসলাম কেলিস (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। 

শনিবার (২ মে) দিবাগত রাতে পৌর শহরের তেরীবাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত কেলিস ওই এলাকার মৃত আব্দুল মৃধার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাত ১১টার দিকে তেরীবাজার এলাকায় কথা কাটাকাটির একপর্যায়ে নূর মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম কেলিসকে ছুরিকাঘাত করেন। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর রাতেই পুলিশ নূর মোহাম্মদের মা নূরনাহার ও বোন জামাই মাজেদুলকে গ্রেপ্তার করে। পরবর্তীতে ভোরে নেত্রকোণার মালনী এলাকা থেকে মূল ঘাতক নূর মোহাম্মদকে গ্রেপ্তার করা হয় এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়। ঘাতক নূর মোহাম্মদ তেরীবাজার এলাকার মুজিবুর রহমানের ছেলে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী মাহমুদা আক্তার বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে মামলা করেছেন। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন