আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে এক ইমামকে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৭ এপ্রিল রাজ্যের বেরেলি এলাকায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটলেও সম্প্রতি একটি অডিও ক্লিপ সামনে আসার পর এটি নতুন মোড় নিয়েছে।
প্রাথমিকভাবে স্থানীয় পুলিশের ধারণা ছিল, অসাবধানতাবশত ট্রেন থেকে পড়ে গিয়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে ঘটনার কয়েক দিন পর একটি ফোন রেকর্ড সামনে আসে, যেখানে নিহত ইমামকে বাঁচার জন্য আকুতি জানাতে শোনা যায়। অডিও ক্লিপটিতে তিনি দাবি করেন যে, ট্রেনের ভেতরে কিছু লোক তাকে ক্রমাগত হেনস্তা ও নির্যাতন করছে।
নিহত ইমামের পরিবারের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে যে, এটি কোনো সাধারণ দুর্ঘটনা নয়। তাদের দাবি, সাম্প্রদায়িক বা অন্য কোনো বিদ্বেষ থেকে তাকে ট্রেনের কামরার ভেতরে শারীরিক নির্যাতন করার পর চলন্ত ট্রেন থেকে বাইরে ফেলে দেওয়া হয়েছে। এই ঘটনায় ন্যায়বিচার চেয়ে তারা থানায় একটি হত্যা মামলা দায়ের করার সিদ্ধান্ত নিয়েছেন।
পরিবারের এক সদস্য গণমাধ্যমকে জানান, অডিও রেকর্ডিংয়ে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি বিপদে পড়েছিলেন এবং সাহায্য চাইছিলেন। এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।
এই ঘটনাকে কেন্দ্র করে বেরেলি এবং আশপাশের এলাকায় ব্যাপক উত্তেজনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সামাজিক ও ধর্মীয় সংগঠনগুলো দ্রুত অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
বেরেলি রেলওয়ে পুলিশ জানিয়েছে, অডিও ক্লিপটি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে এবং ওই সময়ে ট্রেনের সেই কামরায় কারা ছিলেন তা শনাক্ত করার চেষ্টা চলছে। তদন্তের স্বার্থে ট্রেনের যাত্রীদের সাথেও কথা বলছে পুলিশ। বিষয়টি অত্যন্ত সংবেদনশীল হওয়ায় অধিকতর গুরুত্ব দিয়ে তদন্ত চালানো হচ্ছে বলে প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।