নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি সাত দিনের এক রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন। শনিবার (২ মে) বিকেলে টোকিও পৌঁছালে তাকে বর্ণাঢ্য অভ্যর্থনা জানানো হয়।
এর আগে, শনিবার ভোর ২টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি জাপানের উদ্দেশ্যে রওনা হন। আজ বিকেল ৩টা ৪৫ মিনিটে টোকিওর নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে বিরোধীদলীয় নেতাকে স্বাগত জানান ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় সভাপতি হাফেজ সাবের আহমেদ। এ সময় সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছাড়াও প্রবাসী ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা তাকে আন্তরিক শুভেচ্ছা জানান।
ডা. শফিকুর রহমানের এই সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান, এমপি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই সফরে বিরোধীদলীয় নেতা জাপানে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও বিভিন্ন সেমিনারে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। এছাড়া সফরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে তিনি জাপান সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করবেন।
সফরের সার্বিক বিষয় নিয়ে একজন প্রতিনিধি গণমাধ্যমকে জানান, এই সফরের মাধ্যমে বন্ধুপ্রতিম দুই দেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনার সুযোগ তৈরি হবে।
সাত দিনের সফরসূচি শেষে আগামী ৯ মে ডা. শফিকুর রহমানের ঢাকায় ফেরার কথা রয়েছে।