চাঁদপুর প্রতিনিধি: বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশের ন্যায্য অবস্থান নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরির লক্ষ্য নিয়ে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি শুরু হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, “বিশ্বের খেলাধুলার ন্যায্য হিস্যা আমরা এখনো পাইনি। আগামী দিনে যেন আমাদের সন্তানরা বিশ্বমঞ্চে নিজেদের অধিকার বুঝে নিতে পারে, সেই লক্ষ্যেই প্রধানমন্ত্রী এই বিশেষ উদ্যোগ নিয়েছেন।”
শনিবার (২ মে) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, “শহীদ জিয়া যেমন ‘নতুন কুঁড়ি কালচার’-এর মাধ্যমে সারা দেশে সাংস্কৃতিক প্রতিভা ছড়িয়ে দিয়েছিলেন, আজ তার জ্যেষ্ঠপুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে সারা দেশ থেকে ক্রীড়া মেধাবীদের খুঁজে বের করছেন।”
তরুণ প্রজন্মের অবক্ষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি গণমাধ্যমকে জানান, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে তরুণদের মধ্যে মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয় বাড়লেও তা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বর্তমান সরকার খেলাধুলার মাধ্যমে তাদের জীবনমান উন্নত করতে চায়। প্রধানমন্ত্রী চান শিক্ষার্থীরা আনন্দের মাধ্যমে শিক্ষা গ্রহণ করুক।
এহছানুল হক মিলন আরও বলেন, “আমরা চাই আমাদের ছেলে-মেয়েরা বছরজুড়ে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় ব্যস্ত থাকুক। এতে তাদের মেধা ও মননের সংস্কার হবে। এই নতুন প্রজন্মই একদিন বিশ্ব মানচিত্রে বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।”
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) নাজমুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য এম এ হান্নান এবং চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা। এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসান, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়।