নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ মে মঙ্গলবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘সাধারণ আলেম সমাজ’-এর উদ্যোগে এক বিশেষ স্মৃতিচারণ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘শাপলার ক্ষত থেকে জুলাই জাগরণ: চেতনা ও স্মৃতি সংরক্ষণ’ শীর্ষক এই অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০১৩ সালের শাপলা চত্বরের শহীদদের স্মরণ এবং তাদের স্মৃতি সংরক্ষণের আহ্বান জানানো হবে।
অনুষ্ঠানটির ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে সিদ্ধিরগঞ্জের জামিয়া আবু বকর রা. আল-ইসলামিয়া (মক্কীনগর মাদরাসা)। আগামী ৫ মে মঙ্গলবার দুপুর ৩টা থেকে এই কর্মসূচি শুরু হওয়ার কথা রয়েছে।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, শাপলা চত্বরের সেই ঐতিহাসিক ঘটনার স্মৃতি এবং পরবর্তী সময়ে জুলাই বিপ্লবের মাধ্যমে যে গণজাগরণ তৈরি হয়েছে, তার যোগসূত্র ও চেতনা তরুণ প্রজন্মের কাছে তুলে ধরাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য। অনুষ্ঠানে দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম, বুদ্ধিজীবী এবং শাপলা চত্বরের প্রত্যক্ষদর্শীরা উপস্থিত থেকে স্মৃতিচারণ করবেন।
‘সাধারণ আলেম সমাজ’-এর একজন সমন্বয়ক জানান, “শাপলার ক্ষত আজও আমাদের হৃদয়ে তাজা। সেই চেতনাকে ধারণ করেই জুলাইয়ের জাগরণ সম্ভব হয়েছে। আমরা সেই শহীদদের আত্মার মাগফিরাত কামনায় এই দুআ মজলিসের আয়োজন করেছি।”
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সর্বস্তরের তৌহিদী জনতা ও সাধারণ আলেমদের প্রতি বিনীত আহ্বান জানানো হয়েছে। আয়োজকরা আরও জানিয়েছেন, আমন্ত্রিত বিশেষ অতিথিদের তালিকা খুব শীঘ্রই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।