মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যু’ বললেন ডোনাল্ড ট্রাম্প

রাকিবুল হাসান
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৯:২২ অপরাহ্ণ
মার্কিন নৌবাহিনীকে ‘জলদস্যু’ বললেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বন্দরে যুক্তরাষ্ট্রের চলমান সামরিক অবরোধের অংশ হিসেবে একটি তেলবাহী জাহাজ জব্দের ঘটনাকে কেন্দ্র করে নিজ দেশের নৌবাহিনীকে ‘জলদস্যু’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

শুক্রবার ফ্লোরিডার এক রাজনৈতিক সমাবেশে সমর্থকদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্প এই বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, “আমরা জাহাজের ওপর চড়াও হলাম এবং সেটি দখল করলাম। আমরা সেই কার্গো এবং তেলও দখল করে নিয়েছি। সত্যি বলতে, এটি অত্যন্ত লাভজনক একটি ব্যবসা।”

ট্রাম্পের এই বক্তব্যের সময় উপস্থিত জনতা করতালির মাধ্যমে তাকে সমর্থন জানান। জনগণের উল্লাসের মধ্যে তিনি আরও যোগ করেন, “আমরা অনেকটা জলদস্যুদের মতোই কাজ করছি। তবে মনে রাখবেন, আমরা এখানে কোনো খেলা খেলছি না।”

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যেকার বর্তমান চরম উত্তেজনার সূত্রপাত মূলত গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া বিমান হামলাকে কেন্দ্র করে। ওই হামলার পর থেকেই তেল ও গ্যাস পরিবহনের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। এর জবাবে গত মাসে পাকিস্তান ও ইরানের মধ্যবর্তী শান্তি আলোচনায় কোনো অগ্রগতি না হওয়ায় ইরানের সবকটি বন্দরে কঠোর অবরোধ ঘোষণা করে যুক্তরাষ্ট্র।

এই অবরোধ কার্যকরের বিষয়ে মধ্যপ্রাচ্যে দায়িত্বরত ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, শুক্রবার পর্যন্ত এই অবরোধ নিশ্চিত করতে তারা অন্তত ৪৫টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করে ভিন্ন পথে যেতে বাধ্য করেছে।

এদিকে পেন্টাগন প্রধান পিট হেগসেথ গত এপ্রিল মাসে সাংবাদিকদের জানিয়েছিলেন, ইরানের ওপর এই সামরিক ও অর্থনৈতিক অবরোধ ‘যতদিন প্রয়োজন’ ততদিন চালিয়ে যাবে ওয়াশিংটন। তবে খোদ মার্কিন প্রেসিডেন্ট কর্তৃক নৌবাহিনীর কর্মকাণ্ডকে ‘জলদস্যুতা’র সঙ্গে তুলনা করা আন্তর্জাতিক কূটনৈতিক মহলে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের এমন খোলামেলা স্বীকারোক্তি আন্তর্জাতিক আইনের চোখে যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলতে পারে।

মন্তব্য করুন