নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, আঙুল থেকে ভোটের কালি না শুকাতেই বিএনপি সরকার প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে।
শনিবার (২ মে) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়ার ক্ষুদিরামপুর এলাকায় ‘ধলেশ্বরী ও লৌহজং নদী পুনঃখনন এবং টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা’ প্রকল্পের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "নদী বাঁচলে টাঙ্গাইল বাঁচবে। এই মেগা প্রকল্পের মাধ্যমে মৎস্য সম্পদের উন্নয়নের পাশাপাশি টাঙ্গাইল পৌরসভাকে ভাঙন ও বন্যা থেকে রক্ষা করা সম্ভব হবে।" তিনি আরও জানান, দীর্ঘদিনের পলি ও দখলের শিকার নদী দুটি খননের ফলে পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং কৃষি ও পরিবেশে ইতিবাচক পরিবর্তন আসবে।
প্রকল্পের আওতায় টাঙ্গাইল পৌর এলাকায় নদীতীর প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করা হবে, যা শহরের দীর্ঘমেয়াদী সুরক্ষা নিশ্চিত করবে। বর্তমান সরকার জলাশয় ও নদী রক্ষায় বদ্ধপরিকর উল্লেখ করে প্রতিমন্ত্রী এই কাজের গুণগত মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। এছাড়া জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ.আই.এল/সকালবেলা