ব্যক্তিগত খরচে নয়, সরকারি সুবিধায় বিদেশযাত্রা: প্রতিমন্ত্রী

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৮:২৪ অপরাহ্ণ
ব্যক্তিগত খরচে নয়, সরকারি সুবিধায় বিদেশযাত্রা: প্রতিমন্ত্রী

গোলাম রব্বানী, জয়পুরহাট: দক্ষ জনশক্তি গড়ে তুলে ব্যক্তিগত খরচ ছাড়াই সরকারি ব্যবস্থাপনায় বিদেশে কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে বর্তমান সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী। 

শনিবার (২ মে) দুপুরে জয়পুরহাট শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘অনগ্রসর জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও নিরাপদ অভিবাসন: জাপান প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনারে প্রতিমন্ত্রী বলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) মাধ্যমে দক্ষতা অর্জন করে সাধারণ মানুষ কোনো খরচ ছাড়াই বিদেশে যাওয়ার সুযোগ পাবেন। এতে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধির পাশাপাশি স্থানীয় অর্থনীতি শক্তিশালী হবে। তবে দালালের খপ্পরে পড়ে কেউ যেন প্রতারিত না হন, সে বিষয়ে তিনি সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।

সেমিনার শেষে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এক মানবিক সহায়তা প্রদান করা হয়। ক্যান্সার, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ১৩০ জন রোগীর মাঝে ৫০ হাজার টাকা করে মোট ৬৫ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করেন প্রতিমন্ত্রী।

জয়পুরহাট টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মো. রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর মহাপরিচালক আবুল হাসনাত হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক উত্তম কুমার, পুলিশ সুপার মিনা মাহমুদা ও জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। এর আগে অতিথিরা টিটিসি প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন