মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর: নাটোরে উপজেলা প্রশাসনের সংরক্ষিত এলাকার ভেতরে ঢুকে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের এক কর্মকর্তাকে বেঁধে রেখে সরকারি কোয়ার্টারে ডাকাতির ঘটনা ঘটেছে।
শনিবার (২ মে) ভোররাতে গুরুদাসপুর উপজেলা পরিষদ চত্বরের ভেতরে এই দুঃসাহসিক ঘটনা ঘটে।
ভুক্তভোগী উপ-প্রশাসনিক কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, ভোররাত আনুমানিক ৩টার দিকে তিনজনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে তাঁর সরকারি কোয়ার্টারে প্রবেশ করে। ডাকাতরা দেশীয় অস্ত্রের মুখে সিরাজুলকে জিম্মি করে বেঁধে ফেলে এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের ভয় দেখায়। এ সময় ডাকাতরা তাঁর স্ত্রীর গয়না, নগদ প্রায় ৫০ হাজার টাকা ও দুটি দামি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
ডাকাতির সময় পাশের কোয়ার্টারের বাসিন্দারা যাতে বাধা দিতে না পারেন, সেজন্য ডাকাত দল বাইরে থেকে তাঁদের কক্ষের দরজা আটকে দেয়। ডাকাতরা চলে যাওয়ার পর ভুক্তভোগীদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে তাঁদের উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
খবর পেয়ে গুরুদাসপুর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুরুল আলম জানান, ইতিমধ্যে উপজেলা পরিষদের প্রাচীরের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় লুট হওয়া মোবাইল ফোন দুটি উদ্ধার করা হয়েছে। ভুক্তভোগী কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন এবং জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এ.আই.এল/সকালবেলা