কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ণ
কোটালীপাড়ায় ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় একটি গুরুত্বপূর্ণ ব্রিজের নির্মাণ কাজ পুনরায় চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২ মে) সকালে উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের কাগডাঙ্গা-গোপালপুর সড়কের সিকদার বাড়ির সামনে এলাকাবাসী এই কর্মসূচি পালন করেন।

বক্তারা জানান, প্রায় দুই বছর আগে এলজিইডির অর্থায়নে কাগডাঙ্গা জামে মসজিদের পাশে ব্রিজটির নির্মাণ কাজ শুরু হয়েছিল। কিন্তু কাজ শুরুর কিছুদিন পর স্থানীয় প্রভাবশালী মহলের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এই ব্রিজটি না হওয়ায় দীর্ঘ দিন ধরে ভোগান্তিতে রয়েছেন ওই অঞ্চলের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা।

ঘণ্টাব্যাপী এই মানববন্ধনে সমাজসেবক কামাল হোসেন সিকদার মুঙ্গু, ফজল সিকদার, সামাদ ফকির ও সালমান সিকদারসহ আরও অনেকে বক্তব্য রাখেন। তাঁরা অভিযোগ করেন, সাবেক ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদারের বাধার কারণেই উন্নয়ন কাজটি থমকে আছে। তাঁরা অবিলম্বে ব্রিজের কাজ শেষ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

উপজেলা প্রকৌশলী মোঃ সফিউল আজম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, "ঠিকাদার কাজ শুরু করলেও এলাকার কিছু মানুষের বাধার মুখে তা বন্ধ হয়ে যায়।" এদিকে অভিযোগের বিষয়ে জানতে সাবেক চেয়ারম্যান আবু সাইদ সিকদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোনটি বন্ধ পাওয়া গেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন