তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও ছাত্র নিহতের ঘটনায় দায়েরকৃত মামলার অন্যতম আসামি জেলা যুবলীগের সহ-সভাপতি মবশ্বির আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১ মে) দুপুরে মৌলভীবাজার শহরের ‘বেঙ্গল ফুড’ সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার এসআই গৌরাঙ্গ কুমার বর্মন ও এসআই শফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন। পুলিশ জানায়, ২৪ সালের আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা এবং পুলিশের ওপর আক্রমণের ঘটনায় দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামি মবশ্বির আহমদ। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার কর্মকর্তারা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে প্রেরণ করা হবে। এই ঘটনার সাথে জড়িত অন্যান্য আসামিদের ধরতেও পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এ.আই.এল/সকালবেলা