মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে পৃথক দুটি অভিযানে ৬ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
শনিবার (২ মে) সকালে এবং শুক্রবার দিবাগত রাতে শহরের পৃথক দুটি স্থানে এই অভিযান পরিচালনা করা হয়।
শনিবার সকালে সদর উপজেলার খানজাহান আলী মাজার মোড় এলাকায় একটি যাত্রীবাহী বাসের তেলের ট্যাংকের পেছন থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনের দায়ে বাসের হেলপার রবিউল ইসলামকে (২৪) আটক করা হয়। আটক রবিউল শরণখোলা উপজেলার গোলবুনিয়া আমড়াগাছি গ্রামের বাসিন্দা।
এর আগে শুক্রবার রাত ১১টার দিকে শহরের বিআরটিএ কার্যালয়ের সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ বাহাদুর হাওলাদার (২৫) নামের এক কারবারিকে আটক করা হয়। বাহাদুরও শরণখোলা উপজেলার বাসিন্দা। তিনি ইজিবাইকে করে ইয়াবা নিয়ে গন্তব্যে যাওয়ার অপেক্ষায় ছিলেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মো: মিজানুর রহমান জানান, পৃথক এই দুটি ঘটনায় বাগেরহাট সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আসামিদের জব্দকৃত ইয়াবাসহ আদালতে সোপর্দ করা হয়েছে।
এ.আই.এল/সকালবেলা