মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার কররী সিঅ্যান্ডবি বাজারে মৎস্য আড়ত নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের অর্থায়নে ১ কোটি ৭০ লাখ টাকার এই প্রকল্পের কাজ অসম্পূর্ণ রেখেই মৎস্য বিভাগ ও ঠিকাদারের যোগসাজশে সব টাকা তুলে নেওয়া হয়েছে বলে দাবি স্থানীয় ব্যবসায়ীদের।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. বেল্লাল হোসেন ও একরাম হোসেনের অভিযোগ, শুরু থেকেই তাঁদের কাজ সম্পর্কে কিছু বুঝতে দেওয়া হয়নি। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করে দায়সারাভাবে কাজ শেষ করা হয়েছে। এমনকি বৃষ্টির পানি আড়তের ভেতরেই পড়ে। ব্যবসায়ীদের দাবি, প্রকল্পের সভাপতি ও সাধারণ সম্পাদক ক্ষমতার অপব্যবহার করে পৌনে দুই কোটি টাকা 'হরিলুট' করেছেন।
প্রকল্প বাস্তবায়ন কমিটির অর্থ সম্পাদক খান জাহিদ অনিয়মের বিষয়টি স্বীকার করে বলেন, "কিছু কাজ ঠিকভাবে হয়নি।" অন্যদিকে, কমিটির সাধারণ সম্পাদক হেমায়েত হাওলাদার হিমুর দাবি, তাঁকে কিছু না জানিয়েই পদে বসানো হয়েছে এবং সব লেনদেন সভাপতির মাধ্যমে মৎস্য অফিসের সাথে যোগসাজশে হয়েছে।
সহকারী প্রকল্প পরিচালক ও সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন অভিযোগ অস্বীকার করে জানান, কাজ নিয়ম মেনেই হয়েছে। তবে জেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজ কুমার বিশ্বাস বলেন, প্রকল্প বাস্তবায়নের মূল দায়িত্ব ছিল স্থানীয় কমিটির, কোনো অনিয়ম হলে দায় তাদেরই নিতে হবে।
অসম্পূর্ণ কাজে কীভাবে বিল পরিশোধ হলো—তা নিয়ে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।
এ.আই.এল/সকালবেলা