মণিরামপুরে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি বিক্ষোভ

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ণ
মণিরামপুরে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি বিক্ষোভ

আব্দুল্লাহ আল মামুন, যশোর: যশোরের মণিরামপুরে হরিহর নদী খননের মাটি বরাদ্দের টেন্ডারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা থেকে শুরু হওয়া এই সহিংসতায় উভয় পক্ষের অন্তত ১৮ জন আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে পৌর শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মণিরামপুর পৌরসভা কার্যালয়ে নদীর মাটি বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে রূপ নেয়। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল ও যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, হামলায় তাদের ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন এবং একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এর প্রতিবাদে শুক্রবার (১ মে) সকালে জামায়াত-শিবির শহরে বিক্ষোভ মিছিল করে হামলাকারীদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেয়। অন্যদিকে, বিএনপি এই অভিযোগ প্রত্যাখ্যান করে দাবি করেছে, তাদের নেতাকর্মীদের ওপর উল্টো হামলা, ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপিও পাল্টা বিক্ষোভ মিছিল করে জামায়াতের আল্টিমেটামকে "অযৌক্তিক" বলে নিন্দা জানায়।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ না দিলেও পুলিশ তদন্ত শুরু করেছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন