পাঁচবিবিতে জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে পরিবার

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৩:২৭ অপরাহ্ণ
পাঁচবিবিতে জুয়ার মরণনেশা: নিঃস্ব হচ্ছে পরিবার

ইমরাউল কায়েস, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবিতে আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়েছে অনলাইন জুয়ার প্রকোপ। স্মার্টফোনের সহজলভ্যতাকে পুঁজি করে এক শ্রেণির অসাধু চক্র তরুণ সমাজকে এই ধ্বংসাত্মক পথে ঠেলে দিচ্ছে। এতে কেউ হারাচ্ছেন জীবনের শেষ সঞ্চয়, আবার কেউ ঋণের বোঝা বইতে না পেরে সপরিবারে এলাকাছাড়া হচ্ছেন।

অনলাইন জুয়ার ভয়াবহ পরিণতির এক অনন্য নজির স্থাপন করেছেন পাঁচবিবির জাহিদুল ইসলাম নামে এক যুবক। জুয়ার নেশায় পড়ে তিনি নিজের ৩ বিঘা জমি বিক্রির পাশাপাশি মায়ের ৭ লাখ ও স্ত্রীর ৫ লাখ টাকা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। চরম অনুতাপে তিনি দুধ দিয়ে গোসল করে প্রতীকী প্রতিবাদ জানান এবং এই পথ থেকে ফিরে আসার শপথ করেন। জাহিদুল বলেন, "আমি সব হারিয়ে আজ সর্বস্বান্ত। যারা এই পথে আছেন, তারা এখনই সরে আসুন।"

জাহিদুল ছাড়াও উপজেলার অসংখ্য তরুণ এই মরণনেশায় আক্রান্ত। আরেক ভুক্তভোগী মাসুম হোসেনের মা জানান, তাঁর ছেলে জুয়ার কারণে ঋণগ্রস্ত হয়ে পাওনাদারদের চাপে শেষ পর্যন্ত স্ত্রী-সন্তান নিয়ে ঢাকা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। স্থানীয়দের অভিযোগ, এজেন্টদের মাধ্যমে পরিকল্পিতভাবে তরুণদের এই পথে নামানো হচ্ছে, যা সামাজিক অস্থিরতা ও পারিবারিক বিচ্ছেদের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার জানান, অনলাইন জুয়ার প্রবণতা বাড়ার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রতিটি থানাকে এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে এবং অপরাধীদের ধরতে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, কেবল পুলিশি অভিযান দিয়ে এই ব্যাধি নির্মূল সম্ভব নয়। ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে পরিবার, সমাজ এবং প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। সহজ আয়ের প্রলোভন থেকে তরুণদের দূরে রাখতে জনসচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন