‘মাত্র একটি ধাপ বাকি, আমরা বিশ্বকাপ জিততেই এসেছি’

প্রকাশ: শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৬ অপরাহ্ণ
‘মাত্র একটি ধাপ বাকি, আমরা বিশ্বকাপ জিততেই এসেছি’

ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপ জয়ের মহাসড়কে দাঁড়িয়ে মাত্র একটি ধাপ বাকি। শেষ ধাপ— যা একই সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ফুটবল ইতিহাসের অন্যতম কঠিন পরীক্ষা। ফুটবল ইতিহাসে এটি স্পেনের দ্বিতীয় বিশ্বকাপ ফাইনাল, যেখানে স্প্যানিশদের একমাত্র স্বপ্ন নিজেদের জার্সিতে বিশ্বজয়ের স্মারক ‘দ্বিতীয় তারকা’টি যোগ করা।

বছরের পর বছর কঠোর পরিশ্রমের পর এবার সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছে লা ফুরিয়া রোজা। আর তাদের এই স্বপ্নের সারথি হিসেবে পুরো দলকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন দলটির মূল কান্ডারি ও অধিনায়ক রদ্রি হার্নান্দেজ

টুর্নামেন্টের শুরুতে কিছুটা ধীরগতি ও দ্বিধাগ্রস্ত সূচনা করলেও টুর্নামেন্ট যত গড়িয়েছে, রদ্রি নিজেকে তত বেশি মেলে ধরেছেন। বর্তমানে মাঠে এবং মাঠের বাইরে দলের পুরো খেলা পরিচালনা থেকে শুরু করে অভিভাবকের ভূমিকা পালন করছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার। সতীর্থদের তিনি প্রতিনিয়ত একটি কথাই মনে করিয়ে দিচ্ছেন, “আমি এখানে স্রেফ অংশ নিতে আসিনি, আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি।

বাইরের বিশ্ব বা ফুটবল সমর্থকেরা স্পেনের ফাইনালে ওঠায় উল্লাসে মেতে উঠলেও, স্প্যানিশ ড্রেসিংরুমের ভেতরের আবহ চিত্র সম্পূর্ণ বিপরীত ও শান্ত। বড় কোনো পার্টি বা উদযাপন নেই তাদের। ২৬ জন ফুটবলারের লক্ষ্য শুধুই একটাই— রিকভারি শেষ করে পরবর্তী চ্যালেঞ্জের জন্য নিজেকে প্রস্তুত করা।

দলের এই শান্ত মনোভাবের কথা উল্লেখ করে স্প্যানিশ ফরোয়ার্ড মিকেল ওয়াইরসাবাল বলেন,

“গ্রুপ পর্বে কেপ ভার্দে ম্যাচের পর যখন পরিস্থিতি খুব একটা স্বস্তিদায়ক ছিল না, টুর্নামেন্টের প্রথম দিন আমার মনে যে শান্তভাব ছিল, আজও আমি ঠিক ততটাই শান্ত আছি। আমরা প্রক্রিয়াটির ওপর আস্থা রাখছি।”

একই সুর শোনা গেল স্পেনের তরুণ ডিফেন্স দেয়াল পাউ কুবার্সি-র কণ্ঠেও। ফ্রান্সকে হারিয়ে ফাইনালে ওঠার পরও তিনি মৃদু হেসে বলেন,

“ভেতর থেকে আমি ভীষণ আনন্দিত, তবে আমি শান্ত। খুব বিশেষ কিছু দিন আমাদের সামনে আসছে, আমরা নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছি। ছোটবেলায় কেউ এমনটা ভাবতেও পারে না। তবে আমরা এখন গর্বের সঙ্গে বলতে পারি যে আমরা বিশ্বকাপের ফাইনালে উঠেছি এবং দেশের জন্য সবটুকু বিলিয়ে দিতে আমরা প্রস্তুত।”

রোববারের হাইভোল্টেজ ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের সতর্ক করে অধিনায়ক রদ্রি বলেন,

“সবচেয়ে কঠিন অংশটি এখনও সামনে বাকি। সবাই বিশ্বাস করে কী ঘটতে পারে, তবে তারা প্রক্রিয়ার ওপরও একই রকম আস্থা রাখছে। আমাদের মনে রাখতে হবে, প্রতিটি পদক্ষেপ সাবধানে ফেলতে হবে, কারণ কোনো ধাপ এড়িয়ে গেলে বিশ্বকাপ কাউকে কখনোই ক্ষমা করে না।”

ফ্রান্সকে বিদায় করে নিজেদের ইতিহাসের দ্বিতীয় ফাইনাল খেলতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হচ্ছে স্প্যানিশ ব্রিগেড। এখন দেখার বিষয়, রোববারের মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক লড়াইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের হারিয়ে দ্বিতীয়বারের মতো সোনালী ট্রফিটি মাদ্রিদে নিয়ে যেতে পারে কি না স্প্যানিশরা।

মন্তব্য করুন