প্যারাগুয়ে সিনেটরের গালি ও হুমকির মুখেও মরক্কো ম্যাচে চোখ এমবাপ্পের

প্রকাশ: বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ণ
প্যারাগুয়ে সিনেটরের গালি ও হুমকির মুখেও মরক্কো ম্যাচে চোখ এমবাপ্পের

স্পোর্টস ডেস্ক: ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপে মাঠের লড়াইয়ে দুর্দান্ত ফর্মে থাকা ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পেকে ঘিরে মাঠের বাইরে শুরু হয়েছে এক নজিরবিহীন রাজনৈতিক ও সামাজিক বিতর্ক। প্যারাগুয়ের বিরোধী দল লিবারেল পার্টির কট্টরপন্থী সিনেটর সেলেস্তে আমারিল্লার বর্ণবাদী ও ব্যক্তিগত কুরুচিপূর্ণ আক্রমণ এবার সমস্ত সীমা ছাড়িয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক কটূক্তির ঝড় তোলার পর, এবার দেশের পবিত্র সংসদে দাঁড়িয়ে বিশ্বসেরা এই ফুটবলারকে ‘শুয়োরের বাচ্চা’ বলে গালি দিয়েছেন তিনি। শুধু তা-ই নয়, এমবাপ্পের বিরুদ্ধে মামলা করে তাকে প্যারাগুয়েতে জেলে পাঠানোর হুমকিও দিয়েছেন এই নারী সিনেটর। তবে ফ্রান্সের হেড কোচ দিদিয়ের দেশম সাফ জানিয়ে দিয়েছেন, রাজনৈতিক টেবিলের এই নোংরা বিতর্কে মোটেও বিচলিত নন এমবাপ্পে; কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ম্যাচ নিয়েই তাঁর পুরো ধ্যান-জ্ঞান।

বিতর্কের গোড়াপত্তন ও হাত মেলানো প্রত্যাখ্যান: এই অস্পোর্টসম্যানসুলভ বিতর্কের সূত্রপাত হয়েছিল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর ম্যাচে ফ্রান্স বনাম প্যারাগুয়ের লড়াইয়ের পর। ওই ম্যাচে এমবাপ্পের করা পেনাল্টি গোলেই ১-০ ব্যবধানে জিতে মাঠ ছাড়ে ফ্রান্স। তবে ম্যাচ শেষের বাঁশি বাজার পরপরই মাঠের ভেতর প্যারাগুয়ের তরুণ গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে এমবাপ্পের তীব্র কথাকাটাকাটি হয়। একপর্যায়ে গিল সৌজন্যমূলক করমর্দনের জন্য হাত বাড়ালেও চরম অহংকারবশত তা প্রত্যাখ্যান করেন ফরাসি অধিনায়ক।

এই ঘটনাকে পুঁজি করে প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিল্লা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এমবাপ্পের আফ্রিকান বা ক্যামেরুনিয়ান বংশোদ্ভূত পরিচয় টেনে তীব্র বর্ণবাদী বিষোদ্গার শুরু করেন। তিনি এমবাপ্পেকে ‘ঔপনিবেশিক ক্যামেরুনিয়ান’, ‘বর্বর’, ‘অহংকারী’, ‘কুৎসিত’ ও ‘হঠাৎ বড়লোক’ বলে অপমান করেন।

এর জবাবে এমবাপ্পেও কড়া ভাষায় পাল্টা টুইট করে লেখেন, “আপনি একজন অত্যন্ত ঘৃণ্য নারী এবং এই পদের অযোগ্য। আপনি প্যারাগুয়ের মতো সুন্দর দেশের প্রতিনিধিত্ব করেন না। আপনার মতো কাউকে আমি সমাজ ও ফুটবলে ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর সুযোগ দেব না।” এমবাপ্পের এই জবাবের পর আমারিল্লা দাবি করেন, তাকে ‘ঘৃণ্য নারী’ বলায় এমবাপ্পে লিঙ্গভিত্তিক ও রাজনৈতিক সহিংসতা করেছেন এবং ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সংসদে দাঁড়িয়ে নজিরবিহীন গালি ও রোনালদিনহোর প্রসঙ্গ: নিজের বর্ণবাদী পোস্ট বিশ্বজুড়ে সমালোচনার মুখে মুছে ফেললেও গত বুধবার প্যারাগুয়ের জাতীয় সংসদে দাঁড়িয়ে ক্ষোভ উগরে দেন আমারিল্লা। তিনি সংসদে বলেন, “অরল্যান্ডো গিল প্রথমবারের মতো বিশ্বকাপে খেলছিল। একজন খাঁটি প্যারাগুয়েনের বিনয়ের সঙ্গে সে হাত বাড়িয়েছিল, আর এই শুয়োরের বাচ্চা তার সঙ্গে হাত মেলাতে অস্বীকৃতি জানায়। এটা ফরাসি আচরণ বা সংস্কৃতি নয়।”

ফ্রান্সের সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “ফ্রান্স মানে রুশো, দেকার্ত, মন্তেস্কু, ভিক্টর হুগো ও সিমোন দ্য বোভোয়ারের মহান দেশ। এমবাপ্পের মতো এক বর্বর উন্মাদের সঙ্গে সেই ফ্রান্সকে আমি কখনো এক কাতারে ফেলব না।” একই সঙ্গে ২০২০ সালে জাল পাসপোর্ট কাণ্ডে প্যারাগুয়েতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদিনহোর কারাবাসের প্রসঙ্গ টেনে এমবাপ্পেকে সতর্ক করে তিনি বলেন, “প্যারাগুয়েনদের হালকাভাবে নিও না। আমরা বিশ্বসেরা রোনালদিনহোকেও জেলে পাঠিয়েছিলাম। প্রয়োজন হলে তোমার বিরুদ্ধেও আন্তর্জাতিক মামলা করে জেলে পুরব।”

এমবাপ্পের পাশে ফিফা ও ফ্রান্স সরকার, লক্ষ্য মরক্কো ম্যাচ:

এই নজিরবিহীন অপমানের পর সিনেটরের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংস্থাটি ঘটনাটিকে আন্তর্জাতিক মঞ্চে চরম বর্ণবাদী ও অগ্রহণযোগ্য আখ্যা দিয়ে আইনি পদক্ষেপ ও মামলার প্রস্তুতি নিচ্ছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ, ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এবং প্যারাগুয়ে সরকারও প্রকাশ্যে এমবাপ্পের প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন। প্যারাগুয়ে সরকার আনুষ্ঠানিকভাবে স্পষ্ট করে জানিয়েছে, আমারিল্লার বক্তব্য সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত মতামত; এর সাথে রাষ্ট্র বা জাতীয় কংগ্রেসের বিন্দুমাত্র সম্পর্ক নেই।

চলতি ২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যে ৭টি গোল করে গোল্ডেন বুটের লড়াইয়ে যৌথভাবে দ্বিতীয় স্থানে থাকা এমবাপ্পে এই সব নোংরা ট্রোলিংকে বুড়ো আঙুল দেখাচ্ছেন। মরক্কোর বিপক্ষে বোস্টনের কোয়ার্টার ফাইনাল ম্যাচের আগের সংবাদ সম্মেলনে কোচ দিদিয়ের দেশম অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলেন, “কিলিয়ান মানসিকভাবে সুপার স্ট্রং অবস্থায় আছে। বাইরের কোনো আওয়াজ তাঁর কানে যাচ্ছে না। সে পুরোপুরি কোয়ার্টার ফাইনালের দিকেই মনোযোগী এবং মরক্কোকে হারিয়ে দলকে সেমিতে তুলতে খেলার জন্য এক পায়ে প্রস্তুত।”

মন্তব্য করুন