আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

প্রকাশ: শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৫ অপরাহ্ণ
আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় ট্যাংক থেকে গোলাবর্ষণে আকস্মিক দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী সিএমএইচে উপস্থিত হয়ে চিকিৎসাধীন ওই সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার সার্বিক খোঁজ-খবর নেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী আহত কর্মকর্তার দ্রুত ও পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করেন এবং তাঁর সর্বাধুনিক চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট চিকিৎসক ও কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ সময় হাসপাতালে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তা ও তাঁর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের গভীর সমবেদনা ও সান্ত্বনা জানান।

উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারীতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় এ দুর্ঘটনা ঘটে। এতে সেনাবাহিনীর দুই সদস্য প্রাণ হারান এবং এক কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে স্থানান্তর করা হয়। দুর্ঘটনায় নিহত সেনা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতিও গভীর শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন