দেশের ৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস
অনলাইন ডেস্ক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের চার বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে সারাদেশে বজ্রসহ বৃষ্টির পাশাপাশি কিছু অঞ্চলে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে।
আজ বুধবার (১৭ জুন) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক-এর দেওয়া আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।
বৃষ্টির আভাসের পাশাপাশি আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলাসহ খুলনা বিভাগের উপর দিয়ে বর্তমানে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী ২৪ ঘণ্টা অব্যাহত থাকতে পারে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
|