নেইমারকে নিয়ে স্বস্তির খবর, অনুশীলনে ফিরলেন ব্রাজিল তারকা
ক্রীড়া ডেস্ক: বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা খুব একটা আশানুরূপ হয়নি। মরক্কোর বিপক্ষে প্রথম ম্যাচে ১-১ গোলে ড্র করার পর পয়েন্ট তালিকায় পিছিয়ে থাকা ব্রাজিল অধীর আগ্রহে অপেক্ষা করছে দলের প্রাণভোমরা নেইমারের ফেরার জন্য। তবে সমর্থকদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, দীর্ঘ প্রতীক্ষার পর নেইমার অবশেষে অনুশীলনে ফিরেছেন।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ক্যাম্পে প্রথমবারের মতো তাকে ঘাসের মাঠে হালকা অনুশীলন করতে দেখা গেছে। গত ১৭ মে সান্তোসের হয়ে খেলার সময় পায়ের কাফের চোটে পড়ার পর থেকেই তিনি মাঠের বাইরে ছিলেন। চিকিৎসকদের ভাষ্যমতে, নেইমার গ্রেড-২ মাংসপেশির চোটে ভুগছিলেন।
অনুশীলনে ফিরলেও তাকে নিয়ে পুরোপুরি শঙ্কা কাটেনি। দলের মেডিক্যাল স্টাফদের ধারণা, পুরোপুরি ফিট হতে আরও সময় প্রয়োজন। ফলে গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে তার খেলার সম্ভাবনা খুবই কম। নকআউট পর্ব নিশ্চিত হলে হয়তো তখনই নেইমারকে পুরোপুরি ফর্মে পাওয়া সম্ভব হবে।
ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি নেইমারের ফেরার অপেক্ষায় থাকলেও তাড়াহুড়ো করতে রাজি নন। তিনি বলেন, ‘নেইমার দ্রুত ফেরার জন্য কঠোর পরিশ্রম করছে। আমরা আশা করছি, সে আগামী সপ্তাহের মধ্যে দলের সঙ্গে পুরোপুরি যোগ দিতে পারবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমরা তাকে শুধু মাঠে পাওয়ার জন্যই রাখিনি, তরুণ খেলোয়াড়দের কাছে তার অভিজ্ঞতা ও নেতৃত্ব দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
গ্রুপ 'সি'-তে প্রথম ম্যাচ শেষে ব্রাজিল কিছুটা চাপে রয়েছে। স্কটল্যান্ড এরই মধ্যে হাইতিকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে। ফলে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে হলে ব্রাজিলকে পরবর্তী ম্যাচগুলোতে জয়ের কোনো বিকল্প নেই। এখন দেখার বিষয়, নেইমারকে ছাড়া কোচ আনচেলত্তি কতটা সামাল দিতে পারেন দলের আক্রমণভাগ।
জান্নাত সকালবেলা
|