শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ বাড়ল একদিন

শরিফুল ও নাহিদের এনওসির মেয়াদ বাড়ল একদিন

স্পোর্টস ডেস্ক: নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজের আগে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) আরও একটি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশের দুই পেসার নাহিদ রানা ও শরিফুল ইসলাম। পেশোয়ার জালমির আবেদনের প্রেক্ষিতে তাদের অনাপত্তিপত্রের (এনওসি) মেয়াদ একদিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর ফলে আজ মুলতান সুলতানসের বিপক্ষে পেশোয়ারের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে পারবেন এই দুই টাইগার গতি তারকা। ম্যাচ শেষ করে আগামীকালই তাদের দেশে ফেরার কথা রয়েছে।

এদিকে, পিএসএল মিশন শেষ করে গতকাল সকালে পাকিস্তান থেকে দেশে ফিরেছেন মোস্তাফিজুর রহমান, তানজিদ হাসান তামিম ও রিশাদ হোসেন। তবে দুঃসংবাদ হয়ে এসেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের চোট। লাহোর কালান্দার্সের হয়ে খেলা এই বাঁহাতি ব্যাটারের কাঁধের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় তিনি নির্ধারিত সময়ের আগেই দেশে ফিরতে বাধ্য হয়েছেন। বিসিবির ফিজিওরা আজ তাকে পর্যবেক্ষণ করবেন। নিউজিল্যান্ড সিরিজে তার অংশগ্রহণ নিয়ে এখন সংশয় দেখা দিয়েছে।

উল্লেখ্য, আগামী ১৭ এপ্রিল থেকে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজের মাধ্যমে মাঠের লড়াই শুরু করবে বাংলাদেশ। বিসিবি বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে আসন্ন সিরিজের ম্যাচের সময়সূচিতেও পরিবর্তন এনেছে। ওয়ানডে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে দুপুর ৩টায় শুরু হবে। শরিফুল ও নাহিদ দেশে ফিরেই সরাসরি জাতীয় দলের প্রস্তুতি ক্যাম্পে যোগ দেবেন।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন