খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডা. রফিকুস সালেহীন

নিজস্ব প্রতিবেদক: খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (খুমেবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট সার্জারি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রফিকুস সালেহীন। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রোববার (১২ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক ডা. রফিকুস সালেহীন যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বাগেরহাট জেলার কুলিয়াদাইড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর বাবাও পেশায় একজন চিকিৎসক ছিলেন।

অধ্যাপক ডা. রফিকুস সালেহীন দেশের চিকিৎসা অঙ্গনে এক অভিজ্ঞ জেনারেল ও ল্যাপারোস্কোপিক সার্জন হিসেবে সুপরিচিত। তিনি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় শিক্ষকতা ও চিকিৎসা সেবা শেষে অধ্যাপক হিসেবে অবসর গ্রহণ করেন। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত রয়েছেন। তাঁর এই নিয়োগের মাধ্যমে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন