ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আহমেদ লিওন, ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।
সোমবার (১৩ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কের বাবলাতলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে টেকেরহাট থেকে একটি পিকআপ ভ্যান ভাঙ্গার দিকে আসছিল। পথে বিপরীত দিক থেকে আসা 'শাহ ফরিদ পরিবহন' নামে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে ছিটকে পড়ে।
ভয়াবহ এই সংঘর্ষে উভয় যানবাহনই দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ শুরু করেন। আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থল থেকে দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নেওয়ার কাজ করছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি নিচ্ছে। এ ঘটনায় মহাসড়কে কিছুক্ষণের জন্য যান চলাচল বিঘ্নিত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ