পাকিস্তানের ধাঁধার নাম নাহিদ রানা

প্রকাশ: সোমবার, ১৮ মে ২০২৬, ১১:২৯ পূর্বাহ্ণ
পাকিস্তানের ধাঁধার নাম নাহিদ রানা

ক্রীড়া প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে চালকের আসনে রয়েছে স্বাগতিক বাংলাদেশ। প্রথম ইনিংসের ৪৬ রানের লিডসহ দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১১০ রান সংগ্রহ করে দিন শেষ করেছে টাইগাররা। ফলে বর্তমানে বাংলাদেশের মোট লিড দাঁড়িয়েছে ১৫৬ রানে।

এর আগে, গতকাল বিনা উইকেটে ২১ রান নিয়ে প্রথম ইনিংসের খেলা শুরু করেছিল পাকিস্তান। তবে নাহিদ রানা ও তাসকিন আহমেদের গতি এবং তাইজুল ইসলাম ও মেহেদী হাসান মিরাজের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি সফরকারীরা। ৫৭.৪ ওভারে ২৩২ রানেই অলআউট হয় পাকিস্তান। বাংলাদেশের পক্ষে নাহিদ রানা ৬০ রানে ৩টি এবং তাইজুল ৬৭ রানে ৩টি উইকেট নেন। এছাড়া তাসকিন ২টি ও মিরাজ ২টি উইকেট শিকার করেন। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেন তারকা ব্যাটার বাবর আজম।

পাকিস্তানের ব্যাটিং স্তম্ভ বাবর আজমের গুরুত্বপূর্ণ উইকেটটি তুলে নেন গতি তারকা নাহিদ রানা। নাহিদের ১৩৭ কিলোমিটার গতির একটি বল মিড অনে থাকা মুশফিকুর রহিমের হাতে তুলে দিয়ে সাজঘরে ফেরেন বাবর। পরিসংখ্যান বলছে, টেস্ট ক্রিকেটে নাহিদ রানার ৩৯টি বল খেলে বাবর আজম রান করতে পেরেছেন মাত্র ২২; আর আউট হয়েছেন তিনবার। এই তরুণ পেসারের সামনে বিশ্বসেরা এই ব্যাটারের গড় মাত্র ৭.৩৩।

দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে বাবর আজমকে আউট করার অনুভূতি জানাতে গিয়ে নাহিদ রানা বলেন, “আসলে প্রত্যেক ব্যাটসম্যানকে আউট করতেই মজা লাগে। কারণ প্রতিটি উইকেটই আমার এবং আমার দলের জন্য গুরুত্বপূর্ণ। আপনি কোনো ব্যাটসম্যানকে বলে বলে আউট করতে পারবেন না, সে বিশ্ব ক্রিকেটের যতই বড় নাম হোক না কেন। আমি শুধু আমার প্রক্রিয়ার মধ্যে থাকার চেষ্টা করি এবং পরিকল্পনার বাস্তবায়ন করে দলকে সহায়তা করতে চাই।”

সিলেট টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ ২৭৮ রান সংগ্রহ করে। যেখানে লিটন দাসের ব্যাট থেকে আসে অনবদ্য ১২৬ রান। লিটনের এই শতকই ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল বলে মনে করেন নাহিদ। তিনি বলেন, “আমাদের টার্নিং পয়েন্টটা ছিল লিটন দার ব্যাটিং। শেষের দিকে তাইজুল ভাই, তাসকিন ভাই, শরিফুলের ব্যাটিংও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। লিটন দাদার সেঞ্চুরি না হলে আমরা একটু ব্যাকফুটে থাকতাম।”

আজ তৃতীয় দিনে ১৫৬ রানে এগিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ওপেনার মাহমুদুল হাসান জয় ৫২ রান করে আউট হয়েছেন। তবে অভিষিক্ত ওপেনার তানজিদ হাসান তামিম (৪) ও মুমিনুল হক (৩০) দ্রুত বিদায় নেন। দিন শেষে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৩ রানে অপরাজিত আছেন।

আজকের পরিকল্পনা নিয়ে নাহিদ রানা জানান, কোনো নির্দিষ্ট রানের লক্ষ্য বা টার্গেট নিয়ে তারা ভাবছেন না। যেহেতু হাতে আরও তিন দিন সময় আছে, তাই আজ পুরো দিন ব্যাটিং করার এবং লিডকে যতটা সম্ভব বড় করার চেষ্টা করবে বাংলাদেশ।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন