টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে রুবেলের ঘূর্ণিতে বাংলাদেশ এইচপির হ্যাট্রিক জয়
স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার ডারউইনে চলমান টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের দুর্দান্ত ছন্দ বজায় রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। লেগ স্পিনার মোহাম্মদ রুবেলের দুর্দান্ত বোলিং নৈপূণ্যে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমিকে ৫ উইকেটে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে ইরফান শুক্কুরের নেতৃত্বাধীন দল। এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে বাংলাদেশ এইচপি।
সোমবার ডারউইন ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাট করতে নেমে রুবেল ও রকিবুল হাসানের স্পিন আক্রমণের মুখে পড়ে ১৩১ রানেই অলআউট হয়ে যায় ভিক্টোরিয়া। জবাবে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ।
বাংলাদেশের এই জয়ে মূল কারিগর ছিলেন স্পিনার মোহাম্মদ রুবেল। চার ওভারের স্পেলে মাত্র ১৫ রান খরচায় তুলে নেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট। ৩টি উইকেট শিকার করে তাঁকে উপযুক্ত সঙ্গ দেন বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। ভিক্টোরিয়ার পক্ষে অধিনায়ক স্যাম হার্পার সর্বোচ্চ ৪৯ এবং উইল সাদারল্যান্ড ৩০ রান করেন।
১৩২ রানের মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে প্রাথমিক চাপে পড়েছিল বাংলাদেশ এইচপি। তবে পঞ্চম উইকেটে শামীম হোসেন পাটোয়ারী ও অধিনায়ক ইরফান শুক্কুর মিলে মাত্র ৫১ বলে ৮৩ রানের বিধ্বংসী জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ইরফান ৩২ বলে ৪৩ রান করে বিদায় নিলেও ৩৩ বলে অপরাজিত ৫১ রানের দারুণ এক হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন শামীম।
চলতি সিরিজে টানা তিন জয়ের পর টেবিলের শীর্ষে থাকা বাংলাদেশ এইচপি মঙ্গলবার তাদের চতুর্থ ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির মুখোমুখি হবে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।
|