জাপানে এশিয়া কাপ মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্সআপ ফেনী ইউনিভার্সিটি

প্রকাশ: বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ণ
জাপানে এশিয়া কাপ মুট কোর্ট প্রতিযোগিতায় রানার্সআপ ফেনী ইউনিভার্সিটি
জাপানের টোকিওতে 'এশিয়া কাপ ২০২৬' মুট কোর্ট প্রতিযোগিতায় সাফল্য অর্জনকারী ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীরা (ছবি: সংগৃহীত)।

ফেনী প্রতিনিধি: আন্তর্জাতিক অঙ্গনে দেশের আইনি শিক্ষার সুনাম সমুন্নত রেখে ঐতিহাসিক ও যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন ফেনী ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষার্থীরা।

জাপানের টোকিওতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আইন মুট কোর্ট প্রতিযোগিতা ‘এশিয়া কাপ ২০২৬’-এ এশিয়ার ৮০টিরও বেশি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় দলকে পেছনে ফেলে সেরা ১৬-তে জায়গা করে নেয় বিশ্ববিদ্যালয়টির দল। একই সাথে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে জাপানে মূল মৌখিক পর্বের (Oral Rounds) পাশাপাশি ‘সেকেন্ড র‍্যাঙ্কড মেমোরিয়াল’ (২য় সেরা লিখিত আর্জি) খেতাব অর্জনের গৌরব লাভ করেন বিশ্ববিদ্যালয়ের দুই কৃতি শিক্ষার্থী মিরাজ হোসেন এবং মোঃ কামরুজ্জামান জেহাদ।

লিখিত আর্জি (Memorial) ও লিখিত জবাব (Counter-Memorial) মূল্যায়নের ভিত্তিতে শীর্ষ ১৬ দলের একটি হিসেবে টোকিওতে আমন্ত্রিত হয়ে তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ও বিজ্ঞ বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত তীব্র বুদ্ধিবৃত্তিক আইনি লড়াইয়ে ফেনী ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সুনির্দিষ্ট যুক্তি ও উপস্থাপনা বিচারকমণ্ডলীর নিকট ভূয়সী প্রশংসা লাভ করে।

শিক্ষার্থীদের এই অনন্য আন্তর্জাতিক অর্জনে গভীর সন্তোষ ও অভিনন্দন প্রকাশ করেছেন ফেনী ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের (বিওটি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) নাসির উদ্দীন আহমেদ। তিনি বলেন, “৮০টিরও বেশি খ্যাতনামা প্রতিষ্ঠানকে পেছনে ফেলে আন্তর্জাতিক মঞ্চে আমাদের শিক্ষার্থীদের এই অর্জন সমগ্র দেশ ও ফেনী ইউনিভার্সিটির জন্য অসামান্য গৌরব। এই বিজয় প্রমাণ করে যে মেধা ও আইন দক্ষতায় আমাদের শিক্ষার্থীরা যেকোনো শীর্ষ প্রতিষ্ঠানের সমকক্ষ।”

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ড. মাসুদুল হক চৌধুরী বলেন, “টোকিওর আন্তর্জাতিক মঞ্চে মেমোরিয়ালে বাংলাদেশের নাম দ্বিতীয় স্থানে নিয়ে আসা ফেনী ইউনিভার্সিটির ইতিহাসে এক নতুন মাইলফলক।”

দলটির কোচ ও আইন বিভাগের চেয়ারম্যান কাজী তাসনিম জাহান জানান, এশিয়ার শীর্ষ দলগুলোর সাথে প্রতিযোগিতা করে দ্বিতীয় সেরা মেমোরিয়াল হওয়া এক অভাবনীয় অভিজ্ঞতা, যা দেশের আইন অঙ্গনে শিক্ষার্থীদের জন্য নতুন প্রেরণা জোগাবে।

মন্তব্য করুন