অর্থের অভাবে কেউ চিকিৎসাবঞ্চিত হবে না: ডা. জাহিদ হোসেন
দেশের কোনো নাগরিক অর্থের অভাবে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত থাকবে না এবং সরকার কখনই এমনটি হতে দেবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন। তিনি বলেন, প্রতিটি নাগরিকের যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার প্রাতিষ্ঠানিক আর্থিক সহায়তা প্রদান করবে।
আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) দিনাজপুরের হাকিমপুর উপজেলার বোয়ালদার ইউনিয়ন পরিষদ মাঠে উপজেলা বিএনপি আয়োজিত এক বিশাল কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্থানীয় জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করে ডা. জাহিদ বলেন, “আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছেন এবং মন্ত্রী হিসেবে দেশ সেবার সুযোগ করে দিয়েছেন। আমি আজ সরাসরি আপনাদের কথা ও সমস্যার কথা শোনার জন্য উপস্থিত হয়েছি।”
তৃণমূল সংগঠন ও দলীয় শৃঙ্খলা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, “বিএনপির তৃণমূলের প্রতিটি কর্মী বহু ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে দলকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। দলের শীর্ষ নেতৃত্ব ও প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে—দেশের প্রতিটি পাড়া-মহল্লা ও ওয়ার্ড পর্যায়ে দলের সাংগঠনিক কর্মী সংখ্যা বাড়াতে হবে এবং সমাজের সৎ ও যোগ্য ব্যক্তিদের দলে সম্পৃক্ত করতে হবে। বিএনপি কখনো একা চলার দল নয়; দল-মত নির্বিশেষে দেশের সকল শ্রেণি-পেশার মানুষকে এক পতাকাতলে নিয়ে আসার নামই হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের বিএনপি।” এ সময় তিনি কর্মীদের সহনশীল ও মার্জিত আচরণের মাধ্যমে দলের সুনাম ও ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখার নির্দেশনা দেন।
দরিদ্র পরিবারের শিশুদের শিক্ষার বিষয়ে বিশেষ গুরুত্ব দিয়ে মন্ত্রী নেতাকর্মীদের উদ্দেশে বলেন, “গ্রামাঞ্চলের যেসব দরিদ্র পরিবারের শিশুরা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করে দিচ্ছে বা স্কুলে যেতে পারছে না, আপনারা তাদের দ্রুত চিহ্নিত করুন এবং পাশে দাঁড়ান। সরকার তাদের পড়াশোনার যাবতীয় আর্থিক দায়িত্ব নিয়ে দেশের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক সহায়তা করবে।” পাশাপাশি এলাকায় জটিল ও অসচ্ছল রোগীদের চিকিৎসার ব্যবস্থায়ও সরকারের পক্ষ থেকে আর্থিক অনুদান নিশ্চিত করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফিরদৌস রহমানের সভাপতিত্বে আয়োজিত এ কর্মী সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল, সিনিয়র সহ-সভাপতি মো. মোকারম হোসেন, সহ-সভাপতি আতিকুর রহমান রাজা মাস্টার এবং হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনসহ জেলা ও উপজেলা পর্যায়ের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
|